চট্টগ্রামে ১১ দলয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ চট্টগ্রামে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম আজ সোমবার অনুষ্ঠিতব্য আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

গতকাল রোববার চট্টগ্রামের বন্দর স্কুল এন্ড কলেজ মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীকালের (আজ) জনসভা দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এ জনসভাকে শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামবাসী সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আজ জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় জনসভা কাল

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় গাজীপুরে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে গাজীপুরজুড়ে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

আয়োজকদের মতে, ভাওয়াল রাজবাড়ী মাঠের এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং এটি হবে গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও তরুণ সমাজ-সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণের রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইতোমধ্যে জনসভা সফল করতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে।

মঙ্গলবার কটিয়াদীতে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে।

৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানান, এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আয়োজকরা জানিয়েছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।