রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে (রাজ মেট্রো হ ১২-৯৭৬৪) আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে সন্ধ্যায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এটি জামায়াত-বিএনপি’র সংঘর্ষের রূপ নেয়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
মোহনপুর থানার পুলিশ জানায়, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মামামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।