জুলাই বিপ্লবী ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, আন্দোলনকারীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে তাদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি অভিযোগ করেন, এ হামলা থেকে সংবাদকর্মী ও সাধারণ পথচারীরাও রেহাই পাননি।
তিনি আরও বলেন, পুলিশের অমানবিক হামলায় অনেক আন্দোলনকারীর হাত-পা ভেঙে গেছে এবং অনেকে রক্তাক্ত হয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে, আজ তাদের ওপরই হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
নূরুন্নিসা সিদ্দীকা হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। এছাড়া হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।