হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনের ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির। তিনি অভিযোগ করেছেন, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পিত কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
নাছির উদ্দীন মুনির বলেন, তাকে হারানোর উদ্দেশ্যে আসনের বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ফরহাদাবাদ ৪ নম্বর, মির্জাপুর ৮ নম্বর, হাটহাজারী পৌরসভা ৬ নম্বর, চিকনদন্ডী ১ নম্বর ও উত্তর মাদার্শা ৪ নম্বর মাহলুমা কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে তার এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সকাল ও বিকালে কিছু সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পরিকল্পিত কারচুপি সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর প্রসঙ্গ টেনে নাছির বলেন, নাজিরহাট ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরে গিয়ে তার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হলেও ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক নির্বাচনী দায়িত্বে ছিলেন, যা নির্বাচন বিধিমালার পরিপন্থী।
এছাড়া ভোটের আগের দিন ও ভোটের দিন তার সমর্থক, এজেন্ট ও ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে অনেক ভোটার ভয়ে কেন্দ্রে যেতে পারেননি বলে দাবি করেন নাছির।