স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান নির্বাচনী গণসংযোগকালে যুবদলের বাধার সম্মুখীন হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার টঙ্গীর এরশাদনগরের ৪৯ নং ওয়ার্ডের ছোটবাজার এলাকায় গণসংযোগকালে ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি টিভি আনোয়ারের ছোট ভাই দেলোয়ার গণসংযোগে বাধা দেয় এবং এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে লোকজন জড়ো করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এনসিপির। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
উত্তেজনাকর ঘটনার মধ্যেও আলী নাছের খান তার নির্ধারিত কর্মসূচি অব্যাহত রাখেন। আজকের কর্মসূচির অংশ হিসেবে টংগী পূর্বের এরশাদনগর এলাকায় মতবিনিময় সভা, গাছা এলাকার বোর্ড বাজারে মিছিল ও পথসভা এবং টংগী পশ্চিমের চেরাগআলী এলাকায় বাদ মাগরিব মিছিল ও পথসভা বাস্তবায়নের কথা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী বার্তা পৌঁছে দিতে সক্রিয় রয়েছেন।
নির্বাচনী প্রচারণায় দিনভর এই সক্রিয় উপস্থিতি গাজীপুর-২ আসনে তার অবস্থানকে আরও দৃশ্যমান ও আলোচিত করে তুলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এনসিপির প্রার্থী আজ দিনভর নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। আজ সকালে গাজীপুর সদর উপজেলার ২৭ নং ওয়ার্ডের লক্ষীপুরা এলাকায় বাইতুল হামদ জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি ন্যায়ভিত্তিক রাজনীতি, জনস্বার্থ রক্ষা ও বৈষম্যহীন গাজীপুর গড়ার প্রত্যয় তুলে ধরেন। এরপর টংগী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।