দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম, সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল এবং সহ-সাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী জামায়াত নেতা এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো।

অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের মোঃ সিরাজুল ইসলাম-২ প্রাপ্তভোট ২৪৯, মোঃ আব্দুল হান্নান প্রাপ্ত (৩১১), সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী (২১৭), কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী (১৮৭), পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম (৩১৩), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না (২৮৬), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোঃ তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন। ৫ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন প্রাপ্তভোট ২৯৮, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদেকুর রহমান বিপ্লব (২৭৭), জামায়াতে ইসলামী সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোছাঃ শারমিন আক্তার সাথী (২৫৮) ও মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭) এবং বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মোঃ এনামুল হক (২৪৬) ।

শনিবার রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম। এর আগে সকাল ১০টা হতে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।