আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থান নিয়ে প্রাক-নির্বাচনী জরিপের ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। জরিপে দেখা গেছে, ১০৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ১০১টি আসনে। এছাড়া ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী, অন্যান্য দলগুলো ১৯টি আসনে জয় পেতে পারে এবং ৭৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।
জরিপে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে মোট ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। এতে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে আগ্রহী ৪৪ দশমিক ১ শতাংশ ভোটার এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে ভোট দিতে চান ৪৩ দশমিক ৯ শতাংশ ভোটার।
দেশের ৩০০টি আসনে পরিচালিত এই জরিপে অংশ নেন ৬৩ হাজার ৬১৫ জন ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭ দশমিক ৫৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪১ শতাংশ নারী। জরিপে ৯২ দশমিক ৯ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
জরিপ বিশ্লেষণে বলা হয়, যেসব আসনে ভোটের ব্যবধান ১০ শতাংশের বেশি, সেগুলোকে নিশ্চিত বিজয় হিসেবে ধরা হয়েছে। আর ১০ শতাংশের কম ব্যবধান থাকলে সেসব আসনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জরিপে আরও দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি জোটের প্রতি সমর্থন তুলনামূলক বেশি হলেও নারী ভোটারদের পছন্দে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।