নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেতুলিয়া গ্রামে ধান কাটার হারভেস্টার মেশিন থেকে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় দুই ছাত্রদল নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে বড় তেতুলিয়া গ্রামে ধান কাটার কাজে ব্যবহৃত একটি হারভেস্টার মেশিনের চালকের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসী ও কৃষকেরা জানান, বর্তমানে শ্রমিক সংকট, বৈরী আবহাওয়া এবং ধান কাটার অতিরিক্ত চাপ নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যেই হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ কৃষকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।