গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানীর সভাপতিত্বে, সেক্রেটারি মুফতি ফারুক আহমেদের সঞ্চালনায় পল্টন অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, ফ্যাসিবাদের পতনের প্রায় দুই বছর হতে চলছে কিন্তু মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া আজও উপেক্ষিত, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও এখনো তারা নানা বৈষম্যের শিকার। সকল বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসা জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি মেনে নিলে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত হবে।
তিনি বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্য দূর করে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ এবং নীতিমালা সংশোধন করতে হবে। তাদেরকে সরকারি শিক্ষকদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। বদলি ব্যবস্থা চালু করতে হবে; তাহলে শিক্ষকদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। ম্যানেজিং কমিটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
মাদরাসা শিক্ষক পরিষদ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ। মাদরাসা শিক্ষক পরিষদকে শক্তিশালী করতে সকল শিক্ষকের মধ্যে ঐক্য ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে শিক্ষকদের মাঝে তুলে ধরতে হবে। নিয়মিত সংগঠন বিস্তারে আলোচনা ও মতবিনিময় চালু রাখতে হবে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদরাসা শিক্ষক পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। শিক্ষকদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও সংগঠিত কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ইনশাল্লাহ!
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যাল শিক্ষক পরিষদের সেক্রেটারি ড.মাওলানা আব্দুছ ছবুর মাতুব্বর, ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জিএম আলাউদ্দিনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।