রংপুর অফিস, বদরগঞ্জ ও তারাগঞ্জ সংবাদদাতা ঃ রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকার গঠনের পক্ষে মানুষ যে পরিমান ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে তার চেয়ে বেশী পরিমান গণভোটের পক্ষে ভোট দিয়েছে। তিনি বলেন, বিশ্বের সকল দেশের গণভোেেটর রায় বাস্তবায়ন করা হয়েছে। তাই অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে এটিএম আজহারুল ইসলাম এমপি একই দিন দুপুরে উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরে বাদ আছর তিনি উপজেলার লালদিঘী রাধানগর জান্নাতবাগ হাফেজিয়া মাদরাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাহফিলে সভাপতিত্ব করেন মেজর (অবঃ) মোহাম্মদ নাসিম।
তিনি এসব সমাবেশে বলেন, দেশের জনগণ এখন জ্বালানি তেল- গ্যাস পাচ্ছেনা। কিন্ত সরকার সে দিকে সমাধান না করে বিভিন্ন ধরনের কার্ড নিয়ে ব্যস্ত। আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একটি দল চাঁদাবাজি আর শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন দেশপ্রেম নিয়ে সততার সাথে আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলার সকল মানুষের জন্য এমপি নির্বাচিত হয়েছি। নিঃর্শ্বাথ ভাবে তাঁদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এর আগে সকালে তিনি তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় র্গালস স্কুল এন্ড কলেজ মলিনায়তনে আয়োজিত উপজেলার রুকন এবং ওর্য়াড দায়িত্বশীলদের পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আমীর এস এম আলমগীর হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।