জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জনসাধারণকে লক্ষ্য করে বলেছেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের সুযোগ দিন। তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।

গতকাল বিকেলে রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের উদ্যোগে জামায়াতের এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে অধ্যাপক মুজিবুর রহমান একথা বলেন। কলমা স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ও নির্বাচিত ওয়ার্ড সদস্য মো. সেকান্দার আলী। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। অতীতে আমাদের যখন যতোটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের আস্থা নষ্ট করিনি, আগামীতেও করব না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণ সুশাসন থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পেতে পারে। তিনি আরো বলেন অধ্যাপক মুজিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি আমরা বিজয়ী করতে পারি তবে তানোর ও গোদাগাড়ীর মানুষ শান্তি সুখ এবং কল্যাণের সাথে বসবাস করবে ইনশাআল্লাহ্। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের।