বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া কোনো জনপদে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, ন্যায়বিচার এবং আল্লাহভীতি সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করা অনিবার্য।
তিনি বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শ এবং আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই মানুষের মধ্যে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নতুন ধারার বাংলাদেশ দেখতে চায় যেখানে থাকবেনা জুলুম, চাঁদাবাজি, অফিসিয়াল হয়রানি আর রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিহিংসা চরিতার্থ করার ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি।
মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান জেলার সংসদ সদস্য সাচিং প্রুজেরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।