মোস্তফা মোঘল, বগুড়া অফিস : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লার প্রতিককে বিজয়ী করতে হাজার হাজার নারী মাঠে নেমেছেন। এতোদিন ঘরে ঘরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে প্রচারনা করলেও এবার তারা প্রকাশ্যে রাজপথে নেমে দাঁড়িপাল্লার স্লোগান ধরেছেন।

সারাদেশে ভোটের গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হাতে জামায়াতের নারী কর্মিরা নির্যাতিত এবং হেনস্তার শিকার হচ্ছেন। এমন প্রেক্ষাপটে রোববার থেকে বগুড়ায় জামায়াতের নারী কর্মিরা রাজপথে নেমে এসেছেন। তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। গতকালও সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার নারী দাঁড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে প্রচারনা শুরু করেছেন। সকালে প্রথমে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে।

এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এখানেও মিছিলে নেতৃত্ব দেন। এরপর মিছিল বের করে নুনগোলা ইউনিয়নের নারীরা। দাঁড়িপাল্লার নিয়ে রাস্তায় মিছিল করেছেন নিশিন্দারা ইউনিয়নের নারীরা। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিলে অংশ গ্রহন করেন। দুপুর ১২টায় দিনের সবচেয়ে বড় মিছিল বের করেন ফৌরসভার ১৫নং ওয়ার্ডের নারীরা। প্রায় ৫ হাজারেরও অধিক নারী এই মিছিলে অংশ নেয়। বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এসব মিছিলে নেতৃত্ব দেন। বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথের প্রচারনা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানাগেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি বলেন, ইসলাম নারীদের সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী সবসময় নারীদের সম্মান ও মর্যাদার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করে থাকে। তথাকথিত নারীবাদীরা নারী অধিকারের কথা বললেও বাস্তবে নারীদের সম্মান ও মযাদা প্রতিষ্ঠায় তারা কোন ভূমিকা রাখেনা। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সারাদেশে বিএনপি ও তাদের অ্গং সংগঠনের নেতাকর্মিরা জামায়াতের নারী কর্মিদের ওপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাচ্ছে। তারা নারীদের অসম্মান করছে। দেশের নারীবাদীরা মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা এই অন্যায়ের প্রতিবাদ করছেনা। আমরা নারীদের প্রতি বিএনপির এমন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানাই। সেই সাথে নারী নিপীড়নকারীদের নির্বাচনে বয়কট করার জন্য দেশের নারী সমাজের প্রতি উদাত্ব আহ্বান জানাই।

এদিকে, জামায়াতের নারী কর্মিরা রাজপথে নেমে প্রচারনা শুরু করায় বগুড়া সদর আসনে ভোটের মাঠে নতুন আমেজ তৈরি হয়েছে। নারী ভোটারদের ভোটেই এই আসনে জয়ের স্বপ্ন দেখছে জামায়াত।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন।