ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফ্রেরুয়ারি) সকালে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী মাঠ থেকে শুরু করে বিকেল পর্যন্ত ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এই মহড়ায় উপজেলার প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিপি) অংশগ্রহণ করেন।
এই মহড়ায় সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ধামরাই বাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছিয়ে দেওয়ায় ছিল যৌথবাহিনীর মূল লক্ষ্য।
যৌথ বাহিনীর পক্ষে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
তিনি আরো বলেন, ধামরাই উপজেলার প্রতিটি নাগরিকের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক আবস্থানে আছে। এছাড়া সাধারণ জনগণকে যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সহায়তার আহ্বান জানান।