ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আগামীর প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার সন্ধ্যায় তারেক রহমান জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আমীরে জামায়াতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দেশের প্রধান এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে সৌহাদ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, গত শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমীরের বাসার সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত ছিলেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সূত্র জানায়, দেশের শীর্ষ দুই নেতার সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই নেতাই আগামী দিনে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতাসহ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। জামায়াতের পক্ষ থেকে আগামী দিনে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশ পরিচালনায় বিরোধী দল হিসেবে জামায়াতের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়। একইভাবে তারেক রহমানও দেশ পরিচালনায় বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর কাছ থেকে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আশা করেন।

বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমীরের বাসা থেকে তারেক রহমান যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায়। রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে সেখানেও তারেক রহমানকে নাহিদসহ এনসিপি নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে। তার আগে দুই শীর্ষ নেতার বাসায় তারেক রহমানের আগমনকে সবাই ;েদশের রাজনীতিতে ইতিবাচক ধারা হিসেবে বিবেচনা করছেন। ভবিষ্যৎ দেশ পরিচালনায়ও এ পরিবেশ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।