বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জনগণের স্বাভাবিক বসবাস ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারেÍএমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষ করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও জনজীবনের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া হাঙ্গর খালের ভাঙন রোধকল্পে করণীয় নির্ধারণে সরেজমিন পরিদর্শনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাঙ্গর খাল থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে খালের দুই পাড় ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। ইতোমধ্যে অনেক বসতঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। স্থানীয়দের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ হাঙ্গর খালের ব্রিজটিও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
শাহজাহান চৌধুরী বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত খালের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার আবুল হোসেন, মাস্টার হারুন-রশিদ, কাজী জসীমউদ্দীন, আক্তার হোসেন, মীর কামাল, জিয়াউল হক জিয়া, আব্দুর রশিদ ভান্ডারী, জয়নাল আবেদীন, মোরশেদুল আলম সিকদার ও মোহাম্মদ রফিক।