নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, খেদমত ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। জনগনের প্রতিনিধি হিসেবে আমি হবো জনগণের কন্ঠস্বর। তিনি আরো বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও এলাকার উন্নয়নের নিরলস কর্মী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-দুর্নীতির সাথে কখনো আপোস করবো না। এদেশে চাঁদাবাজ একটি দল সব সময় ভয়ভীতি দেখাচ্ছেন। এই ভয় ভীতি দেশের জনগণ কখনো মেনে নিবেনা। কোন ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। আপনারা সবাই সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন।
আজ রবিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার সাথে ও পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, রাজনীতি ও উন্নয়নের ভাবণা তুলে ধরেন।

অধ্যাপক ইউনুস আলী বলেন, আমরা সারাজীবন ভুল করেছি। যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে পারিনি। ভুল জায়গায় বিশ্বাস করে বারবার ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। তিনি আরও বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কাজ দরকার । আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা যদি করতে না পারি, আর কোনো দিন আপনাদের কাছে আসব না।
নির্বাচনী প্রচারনার সময় নাটোর-২ সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালক এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, দিঘাপতিয়া ইউনিয়ন আমীর মাওলানা আখের আলী জামায়াত নেতা রুহুল আমিন জিহাদি, নাটোর জেলা শিবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আফতাব আলী, জেলা শিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনিপ্রমুখ সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রচুর ভোটারগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।