সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী এলাকায় রাজনৈতিক মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে।

আজ সোমবার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে এক বিশাল জনসভার ডাক দিয়েছে ১১ দলীয় নির্বাচনী জোট। এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের পক্ষে বড় ধরণের শক্তি প্রদর্শন করবেন স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। স্থানীয় ভোটারদের মাঝে প্রার্থীর পরিচিতি এবং জোটের নির্বাচনী ইশতেহার তুলে ধরাই এই সমাবেশের মূল লক্ষ্য। সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র ও যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশীদ রাফি।