নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ এবং ঢাকা-১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়েছেন৷

আজ (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ -এই দুই আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা তার পক্ষে আর্থিকভাবে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা-১৮ আসনের আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে এবং এখানে প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটার রয়েছেন। এই বিপুল ভোটারসংখ্যার একটি এলাকায় নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পেতে পারেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেন।