বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, “কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।”
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহণ করা হবে। আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপি মনোনয়ন দিয়েছে।
বগুড়া-৬ সদর অসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।