'এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।

একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতিকে ইঙ্গিত করে মো. নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহিদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দীসহ ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

ইফতার মাহফিলে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, আপনারা অধির আগ্রহে ছিলেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য কিন্তু আমরা হতভাগা আপনাদের হাতে খুলনায় শাপলা কলি তুলে দিতে পারিনি। তবে স্থানীয় নির্বাচনে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি জায়াগায় প্রার্থী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, আমরা খুলনা বাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতে সাথে যে পাওয়ার প্লান্ট বসিয়ে দিয়েছিল এ পাওয়ার প্লান্ট বন্ধ করতে হবে।

জনাব তারেক রহমান বলেছিলেন গণভোটে আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন আমরা এখন দেখতে পাচ্ছি ওটা ওনার মুখের কথা ছিল অন্তরের কথা ছিল না। চাঁদাবাজদের গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের খুঁটির সাথে বেঁধে রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা।