নাটোর–১(লালপুর–বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহনশীল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের দয়ারামপুর বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন,জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম,জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, উপজেলা শিবিরের সভাপতি মিঠু সরকার, শিবিরের সেক্রেটারি শাহীন আলম প্রমুখ।

ইব্রাহিম হোসেন রনি বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গেছে। মানুষের মৌলিক অধিকার—ভোট দেওয়ার অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা চাই একটি সুন্দর, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ভোট দিতে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। নাটোর–১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো—সব প্রার্থী ও সমর্থকদের মধ্যে এখন পর্যন্ত একটি সহনশীল পরিবেশ বজায় আছে। আমরা চাই এই পরিবেশ আরও শক্তিশালী হোক, যাতে সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

ভিন্নমত থাকা স্বাভাবিক উল্লেখ করে চাকসু ভিপি বলেন, বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু পাশের বাড়ির প্রতিবেশীরা যেমন মিলেমিশে বসবাস করে, তেমনি আমরা সবাই ভিন্ন রাজনৈতিক পরিচয় নিয়েও পারস্পরিক শ্রদ্ধা ও মেলবন্ধনের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে চাই।

উল্লেখ্য, ইব্রাহিম হোসেন রনি বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ এনামুল হকের ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে বিজয় লাভ করেন তিনি।