বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান তার নির্বাচনী ইশতেহারে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারী)সকাল ১০ টায় রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে আয়োজিত ‘Meet with Gen-Z Dr. Abdul Mannan’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

WhatsApp Image 2026-02-04 at 1.26.18 PM (1)

অনুষ্ঠানে তিনি বলেন, "আগামীর বাংলাদেশ হবে জেন-জি বা তরুণ প্রজন্মের। আমরা পুরান ঢাকাকে শুধু ঐতিহ্যের শহর নয়, বরং আধুনিক তথ্য-প্রযুক্তি এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব।"

তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি তিনি তার নির্বাচনী ইশতেহারে ইশতেহারে বুড়িগঙ্গা নদীর পুনর্জন্মের প্রতিশ্রুতি দেন। লন্ডনের টেমস নদীর আদলে বুড়িগঙ্গাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করার কথা জানান তিনি। এছাড়া তথ্য-প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন এবং এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধিসহ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার আশ্বাস দেন।

শতাধিক জেন-জি তরুণের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, পৃথিবীর সব বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে। গত জুলাই বিপ্লব তরুণদের অদম্য নেতৃত্বের সফল ফসল। আগামীতে জেন-জি ও যুব সমাজ যাদের সমর্থন দিবে, তারাই দেশকে নেতৃত্ব দিবে। তিনি সারা দেশে নারীদের ওপর সাম্প্রতিক হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি রাজনৈতিক দলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং তরুণদের নিয়ে একটি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, "আমরা রাষ্ট্র থেকে বেকার ভাতা চাই না; আমরা চাই পড়াশোনা শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থান।

অনুষ্ঠানে ঢাকা-০৬ আসনের জামায়াতে ইসলামীর আসন পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জকসু এজিএস মাসুদ রানা এবং ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ড. মান্নান তরুণদের সাথে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন।