জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেছেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু দক্ষতা নয়, প্রয়োজন দৃঢ় নৈতিক ভিত্তি। কারণ নৈতিকতা ছাড়া দক্ষতা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিকভাবে দুর্বল হন, তাহলে তার সিদ্ধান্ত সমাজে অস্থিরতা ও অন্যায়কে বাড়িয়ে দিতে পারে। তাই আমাদেরকে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা সত্যকে ধারণ করে, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় এবং যে কোনো চাপ বা প্রলোভনের মুখেও নীতির সাথে আপস করে না।
গতকাল শুক্রবার নড়াইল শহরের এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহকারি সেক্রেটারি আবুল বাশার অধ্যাপক আব্দুল সামাদ আইয়ুব হোসেন খান, যুব সভাপতি খিয়ামউদ্দিন, শ্রমিক কল্যাণ সভাপতি আকিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক ভূমিকা বৃদ্ধি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যদি আমরা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের প্রতিটি পদক্ষেপ হতে হবে আদর্শের প্রতিফলন। আমাদের সততা, ন্যায়বোধ এবং আল্লাহভীতিÑএই তিনটি শক্তিই হবে আমাদের মূল ভিত্তি।
তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে নিজেদের নৈতিক মান উন্নীত করি, দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করি এবং সকল চ্যালেঞ্জকে ঈমান ও আদর্শের শক্তিতে মোকাবেলা করি।