ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন ঢাকার রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের লোকজন ভোট ডাকাতি করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ১২টা ৪০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পাটওয়ারী বলেন, “সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এছাড়া, দুপুর ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস শেয়ার করেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, “হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিদের পথ রোধ করা যাবে না।”
এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন।’ এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।
ঘটনার পরপরই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারবো। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।