পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, “আমি দলীয় এমপি নই; আমি জনগণের এমপি হতে চাই।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পলাশবাড়ী উপজেলার দি পলাশবাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ নজরুল ইসলাম, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০টি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে চান। নির্বাচনে যাঁরা তাঁকে ভোট দিয়েছেন কিংবা দেননিসবার জন্য সমানভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত এই সংসদ সদস্য উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতা নিয়েই এলাকার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে চাই।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে সংসদ সদস্য সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শেষ হয়।