নাটোর-২ সদর আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত অধ্যাপক ইউনুস আলী দাবি করেছেন, বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িপাল্লার এজেন্ট ও ভোটারদের ওপর ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি প্রদান করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় সদর উপজেলার দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, কাফুরিয়া ইউনিয়নের দস্তনাবাদ গ্রামের সাজদার, মোস্তফা আনাম, কামরুল, আব্দুল ওয়াহাব ও মিজানসহ ১০-১২ জন বিএনপি নেতা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, হরিশপুর ইউনিয়নের পুলিশ লাইন এলাকায় চেরাগে চিশতিয়া মাদরাসা কেন্দ্রে বিএনপি কর্মী নুর মোহাম্মদ খোকন, হাসান আলী ও শাহিন কাজী জামায়াতের কর্মী মিজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এছাড়াও ছাতনি ইউনিয়নের আগদিঘা উচ্চ বিদ্যালয়ে দাঁড়িপাল্লার এজেন্টদের কেন্দ্রে যেতে হুমকি দেওয়া হয়েছে।
অধ্যাপক ইউনুস আলী অভিযোগ করেন, তারা প্রশাসনের কাছে লিখিতভাবে সব ঘটনার তথ্য প্রদান করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ এবং নাটোর চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল মান্নাফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।