বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কার্যকর, দূরদর্শী ও যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের উত্তেজনা, পুশইন, অবৈধ কার্যক্রম কিংবা নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।

গতকাল শনিবার শরিয়তপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৌর অডিটোরিয়ামে জেলা রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ধারাবাহিক ‘পুশইন’ ও ‘সীমান্ত হত্যা’ বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ। নাগরিক পরিচয় যাচাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেওয়া আর সীমান্তে বাংলাদেশী হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সরকারকে এসব বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

ড. হামিদ আযাদ তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোরও প্রতিবাদ জানান। তিনি বলেন সরকার জনগণের কথা চিন্তা না করে তাদের ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তিনি সরকারকে এসব অবিবেচনা প্রসূত কর্মকান্ড থেকে সরে আসার আহ্বান জানান।

ড. হামিদ আযাদ রুকনদের উদ্দেশ্যে, দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সেবার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে শরীয়তপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন এবং মাওলানা আব্দুস সুবহান খান সহ কেন্দ্র ও জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।