আজ থেকে শুরু হয়েছে টি ২০ বিশ্বকাপ। ক্রিকেটারদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে পোস্টে জানিয়েছেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।

দুঃখ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’

ক্রিকেটারদের উদ্দেশে বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।

বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।