রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি গত রোববার রাতে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামী ইউনিয়নের আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামায়াতে ইসলামীর রাধানগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশ জামায়াতে ইসলামী এবং ১০ দলিয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ৫৪ বছরে অনেককে দেখেছেন। এবার আমাদের পরীক্ষা করে দেখেন, আমরা বৈষম্যহীন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ উপহার দেব। জুলাই বিপ্লবের যুবক এবং ছাত্র-জনতার অবিস্মরণীয় অবদান এবং আত্মত্যাগকে আামরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্বরণ করবো। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে আমরা সবাই মিলে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। আমরা সমাজ ও রাষ্ট্রের সম্পদ কল্যাণের পথে সততার সাথে জনগণের জন্য ব্যবহার করবো।