কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার আইটি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে তার অফিসিয়াল ফেসবুক পেজ একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, এটি কোনো ধরনের নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল। আইটি বিভাগের দাবি, মানুষের ভালোবাসা, সমর্থন এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না।” একই সঙ্গে জানানো হয়, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সমর্থকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়—ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার জন্য।