কিশোরগঞ্জ ও বাজিতপুর সংবাদদাতা : বিএনপির দুর্নীতিবিরোধী বক্তব্যকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তাদের অতীত কর্মকাণ্ডের কারণে জনগণ এ ধরনের প্রতিশ্রুতি আর বিশ্বাস করে না। এমনকি তাদের মুখে দুর্নীতি কমানোর কথা শুনলে ‘শয়তানও হাসবে’ বলে মন্তব্য করেন তিনি।
গতকাল রোববর দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদ্দাম বলেন, বিএনপি পূর্বেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের সিন্ডিকেট ভাঙা এবং সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার কোনোটিই কার্যকর করতে পারেনি। ফলে এখন তাদের নতুন করে দেওয়া আশ্বাস মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা বললেও সেগুলো বাস্তবায়নে দলটি ব্যর্থ হয়েছে। বরং দেশে আবারও জুলুম-নির্যাতন ও অস্থিরতার রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন শিবির সভাপতি। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ স্থানীয় নেতারা।