ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

মুফতি আমীর হামজা বিজয়ের পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর কুষ্টিয়া জেলা বিএনপির অফিসে যান। শুক্রবার সন্ধ্যায় তার অফিসে গিয়ে মুফতি আমীর হামজা সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে কুশল বিনিময় করেন। শেষে তাকে মিষ্টিমুখ করান জামায়াতের বিজয়ী প্রার্থী মুফতি আমীর হামজা। তারা দুজনেই কোলাকুলি করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করার ঐক্যমত পোষন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

নির্বাচনের পর কুষ্টিয়ায় পরাজিত বিএনপির প্রার্থী জাকির হোসন সরকারের অফিসে জামায়াতের জয়ী প্রার্থী মুফতি আমীর হামজা যাওয়ার বিষয়টি জেলার সুশীল সমাজ ইতিবাচক দেখছেন। দুজনের সৌহার্দ ও সম্পর্ক কুষ্টিয়া জেলার আরো উন্নয়নকে একধাপ এগিয়ে নেবে বলে মন্তব্য করেন সাধারণ মানুষ।

রাজনৈতিক প্রতিহিংসা নয়। সকলের সহযোগিতায় রাজনৈতিক অঙ্গনকে শান্তিময় করে গড়ে উঠুক এ প্রত্যাশা সকলের।

উল্লেখ্য যে, কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪৩টি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।