বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী হুকুমত তথা কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ব্যতীত দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করাসহ প্রকৃত ইনসাফ কায়েম করা সম্ভব নয়। যমিন আল্লাহর,আমরাও আল্লাহর, সুতরাং ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে মানব দানব ও সৃষ্টি কুলের জন্য মহান সৃষ্টিকর্তা প্রদত্ত বিধান প্রতিষ্ঠাই শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি। মানবসৃষ্ট কোন আইনের দ্বারা দেশে প্রকৃত ইনসাফ বা মানবাধিকার প্রতিষ্ঠা করা কস্মিনকালেও সম্ভব নয়। তিনি বলেন, পবিত্র কুরআন নাযিলের মাস রমজানে আমাদের শপথ হওয়া উচিত আমরা যে কোন মূল্যে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মেহনতকে বেগবান করবোই। তিনি বলেন, হাফেজ্জী হুজুর রহঃ খেলাফত আন্দোলনের কাজ কে এবাদত মনে করতেন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে তাঁর চিন্তা চেতনা বাস্তবায়নে আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং প্রত্যেক মুসলমানকে খেলাফত আন্দোলনে যোগদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
গতকাল শুক্রবার রাজধানীর পল্টনস্থ ফারস হোটেলে 'ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ দিবস' উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা, দুআ ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, সারা জীবন নিভৃতে জ্ঞানসাধনা ও আত্মশুদ্ধির কাজে আত্মনিয়োগকারী হাফেজ্জী হুজুর রহ. শেষ জীবনে এসে জাতিকে তওবার আহবান জানিয়ে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তিদের ভোট দিয়ে ক্ষমতার মসনদে পাঠিয়ে তাদের কৃত অন্যায়ের দায় ভোটদাতার ভাগেও পড়ে। তাই হাফেজ্জী হুজুরের আহবান ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়ে সম্মিলিতভাবে সেই পাপ থেকে তওবা করা। তিনি সবাইকে হাফেজ্জী হুজুরের পদাংক অনুসরণ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে আজীবন কাজ করে যাওয়ার আহবান জানান।