আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ কিশোরগঞ্জ ও গাজীপুরের পৃথক দুটি নির্বাচনী নজনসভায় অংশ নিবেন। এছাড়া তিনি আগামীকাল বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলার মধ্যবর্তী স্থান ডালিয়ার তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে ও টাঙ্গাইলের শহীদ স্মৃতি পেীর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন।
জেলা সংবাদদাতা : নির্বাচনী সভায় যোগ দিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
গতকাল সোমবার ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আল ফারুক ট্রাস্ট মিলনায়তন, নগুয়ায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাও নাজমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম ও কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমীর ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাও নাজমুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল ১০ টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ দলের প্রার্থীগণ উপস্থিত থাকবেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা। মঙ্গলবার জনসভা সফল করতে দলীয় প্রস্তুতি, কর্মসূচি ও প্রত্যাশা তুলে ধরতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।