জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘একটি পক্ষের নেতারা একদিকে প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলছেন, অন্যদিকে তারা এবং তাদের কর্মীরা গোপনে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটাই তাদের দ্বিমুখী রাজনীতি।’
আজ শনিবার দুপুর ১২টায় যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘তারা সন্ত্রাসী চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতই ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা মুখে যা-ই বলুক বাংলাদেশের মানুষের প্রয়োজন, চাহিদা ও আকাক্সক্ষাকে ধারণ করে না।’
তিনি বলেন, ‘শুক্রবার ইনকিলাব মঞ্চের ঘটনায় প্রশাসনের আচরণ সবাই দেখেছেন, যা ছিল এক ধরনের টেস্ট ম্যাচ। আবারও পুরোনো আওয়ামী ফ্যসিস্ট কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।’
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে পোশাক পরেন তা জনগণের আস্থার প্রতীক। আপনারা জনগণের জন্য কাজ করেন এবং জনগণের টাকায় বেতন পান। আপনারা কোনো রাজনৈতিক দলের কাছে নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন।’
পুলিশকে উদ্দেশ্য করে হাসনাত আরও বলেন, ‘আপনাদের বিএনপির পুলিশ, জামায়াতের পুলিশ কিংবা এনসিপির পুলিশ হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের পুলিশ হন। আমাদেরকে আপনাদের পাশে পাবেন। পুরো বাংলাদেশ আপনাদের সহযোগিতা করবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো দল বা পক্ষের কলঙ্ক গায়ে মাখবেন না।’
জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।