জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পরই জুলাই অধ্যাদেশ জারি হয়েছিল। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা জুলাই সনদ মেনে নিয়েই স্বাক্ষর করেছে। জুলাই সনদে স্বাক্ষর করতে কাউকে জোর করা কিংবা বাধ্য করা হয়নি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জারিকৃত অধ্যাদেশ যাচাইয়ে সরকারের গঠিত বিশেষ কমিটি জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ মেনে প্রথমে স্বাক্ষর করেছে। তাদের স্বাক্ষরের পরে জুলাই অধ্যাদেশ জারি হয়েছে। এবং বিএনপির দাবির প্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের আগে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যখন শাসক গোষ্ঠী জনগণকে শোষণ করে, জনগণের মতের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তখনই জাতি বিপ্লবের পথ বেছে নেয়, নিতে বাধ্য হয়। জুলাই চেতনায় জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে, স্বপ্ন বুনেছে। জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান। এছাড়াও শাহবাগ পূর্ব থানা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।