নরসিংদী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও এনসিপি নেতা সরোয়ার তুষারকে বিজয়ী করতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশ উপজেলা কার্যালয়ে এ সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দফতর সম্পাদক মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তার, জেলা আমীর মাওলানা মুছলেহুদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য সায়্যেদুজ্জামান ও পলাশ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম শিকদার প্রমুখ।
নেতৃবৃন্দ সকলকে জোট প্রার্থী সরোয়ার তুষারকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে সরোয়ার তুষারও উপস্থিত থেকে জনসমক্ষে বক্তব্য দেন।
সমাবেশ শেষে জামায়াতের পলাশ উপজেলা কার্যালয় থেকে সরোয়ার তুষার ও জেলা নেতাদের যৌথ নেতৃত্বে শাপলা কলির সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পলাশ উপজেলা বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।