ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি হওয়া কেন্দ্রসমূহের ফলাফল পুনর্গণনার দাবি বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. উম্মে আরওয়া বিবৃতি প্রদান।

বিবৃতিতে বলেন, কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে এতো ব্যাপকহারে ফলাফল কারচুপি জাতির জন্য কলঙ্ক। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে প্রমাণসহ সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। ফলাফল জনগণকে যথাসময়ে না জানিয়ে দিনশেষে প্রশাসন ও মিডিয়া ট্রায়াল এবং পেশি শক্তি দিয়ে নিজেদের মতো ফলাফল ঘোষণা করা হচ্ছে।

আক্ষেপ জানিয়ে নেত্রীবৃন্দ আরও বলেন, দীর্ঘ ফ্যাসিজমের পরে জাতি নিজেদের অধিকার বুঝে নিতে চেয়েছিল। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ভোটে অংশগ্রহণ করেছিল। কিন্তু ভোটের ফলাফল হয়ে যাবার পরও কিছু আসনে ফলাফল আটকে রাখা হল। পোলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়ে রেজাল্ট শিটে কাটাকাটি করে ফলাফল ঘোষণা করা হল। বিভিন্ন আসনে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হল। এমনকি ভোট গণনার সময় প্রার্থী উপস্থিত থেকে ফলাফলকে চরম বিতর্কিত করার প্রমাণ পাওয়া গেল।

দাবি জানিয়ে নেত্রীবৃন্দ বলেন, অন্যায়ের সাথে কোন আপোষ নয়। আমরা বিতর্কিত প্রতিটি আসনের ফলাফল বর্জন করছি। সুস্পষ্ট অনিয়ম ও কারচুপির প্রমাণ সাপেক্ষে বিতর্কিত প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার জোর দাবি জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশে, শহীদদের রক্তের উপর দাঁড়ানো আমাদেরই এ দেশে অন্যায় কোন ভাবেই মেনে নেওয়া হবে না।