সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ও বিএনপি মিলে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আওয়ামীলীগ আমাদের শত্রু নয় তারা মিত্র। স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করছি। সুরঞ্জিত বাবু এলাকার জন্য যা করতে পারেন নি আমি আপনাদের সকলের সহযোগিতায় তা করতে চাই। জীবনের শেষ সময়ে আপনাদের মুখে হাসি ফুটাতে চাই।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন,সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিজ্ঞ বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ,জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, জাকির হোসেন, মাহবুব চৌধুরী, নিত্যানন্দ দাস, আব্দুল করিম,দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুক মিয়া,এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী ও দিরাই উপজেলার ছাত্রদলের সাবেক সেক্রেটারি রুদ্র মিজান এবং নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী এবং শাল্লা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজন জানান, ধানের শীষ প্রতিকের পক্ষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। শান্তির পায়রা উড়িয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশে আওয়ামীলীগের কিছু নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে “স্বাধীনতার বিপক্ষে যাইওনা ও বন্ধুরে” বলে এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের দিরাই উপজেলা আহবায়ক বাউল আব্দুর রহিম ও নুরুল ইসলাম ভিখারী।
একইদিন সোমবার রাতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আল্লামা ফুলতলী ছাব রহ: এর হাতেগড়া সংগঠন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া এবং লতিফিয়া কারী সোসাইটিসহ ফুলতলী ছাব রহ: এর মুরিদীন মুহিব্বীদের প্রতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী ছাব এর নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে দিরাই -শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জমিয়ত জোটের প্রার্থী গণমানুষের নেতা নাছির উদ্দীন চৌধুরীকে সমর্থন জানিয়েছে।