আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে শ্যামনগরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলাম বলেন, “বর্তমান দেশের প্রেক্ষাপটে জনগণ অত্যন্ত সচেতন। জুলাই আন্দোলনের যোদ্ধারা চেয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন। সেই আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”
তিনি আরও জানান, “আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।” উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কাইয়ুম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে গাজী নজরুল ইসলাম বলেন, “জনসভাকে সাফল্যমণ্ডিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও গোছালো জনসভা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপকূলীয় অঞ্চল শ্যামনগরের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। উপকূলে বসবাসরত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে পরিকল্পিতভাবে সার্বিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “এ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে বিশেষ গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।”
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় সাড়ে চার লক্ষাধিক জনসাধারণের জন্য শ্যামনগরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই।” তিনি জানান, “নির্বাচিত হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম বলেন, “নাভারণ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত সহজ হবে।”
দুর্নীতি বিষয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।” একই সঙ্গে তিনি ব্যক্তিগত অঙ্গীকার করে বলেন, “আমি সরকার প্রদত্ত ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবো না ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। পরে জনসভা বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।