ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হলেও বিএনপি, এনসিপিসহ ২৫টি রাজনৈতিক দলের হিসাব এখনো পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছিল। বুধবার সময় শেষ হলেও এখন পর্যন্ত ২৫টি দল হিসাব জমা দিয়েছে। বাকি বিএনপি, এনসিপিসহ ২৫টি দল এখনো ব্যয়ের হিসাব জমা দেয়নি। এ বিষয়ে আরও ৩০ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হবে। এরপরও কেউ হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে এখন ৫০টি দল দেখানো হচ্ছে কেনÑএ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার এক কর্মকর্তা বলেন, নিবন্ধিত ৫০টি দল অংশ নিয়েছিল। স্বতন্ত্র প্রার্থীদের একটি দল হিসেবে গণনা করা হয়েছিল। সে হিসাবে মোট ৫১টি। স্বতন্ত্র প্রার্থীরা তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটে অংশ নেওয়া নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতসহ ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বিএনপি, এনসিপিসহ ২৫টি দল এখনো জমা দেয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।