দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর সংঘটিত সহিংসতার নিন্দা এবং নির্বাচনী পরিবেশকে অস্থির ও বিভ্রান্তকর করার উদ্দেশ্যে কিছু স্বঘোষিত আলেমের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াসমূহকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন দেশের আলেম সমাজ। একই সাথে তাঁরা শান্তিপূর্ণভাবে আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা” শীর্ষক আলোচনা সভায় দেশের শীর্ষ আলেমগণ এ আহবান জানান।
দেশের শীর্ষস্থানীয় আলেম, উস্তাজুল আসাতিজা সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন কোরআন ফাউন্ডেশনের সেক্রেটার মাওলানা আব্দুল হালিম,অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন , ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, শেখ কাজী ইব্রাহীম, অধ্যক্ষ মোশারফ হোসেন, মাওলানা আতিকুল্লাহ মোরানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা নুরুজ্জামান নোমানী, অধ্যক্ষ শাহাজান মাদানী অধ্যাপক মাওলানা আনমোল রফিকুর রহমান আল মাদানী, মুফতি মাহবুবুর রহমান, সিনার ছোট পীর শাহ হাবিবুল্লাহ সিদ্দিকী, শহীদ দরবার শরীফে পীর মাওলানা আব্দুল মোমিন নাসিরী, আরে হাজারের পীর হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুব উদ্দিন,, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমানসাখাওয়াত হোসেন, মুফতি আবুল কাসেম কাসেমী, মুফতি তাসলিমা আলম, মুফতি মহিউদ্দিন,সহঅনুষ্ঠানে দেশব্যাপী পরিচিত বরেণ্য ও শীর্ষ আলেম, মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর সংঘটিত সহিংসতা ও লাঞ্ছনার ঘটনাগুলোকে শীর্ষ আলেমগণ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করেছেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ গ্রহনের অনুরোধ করা হয়।
নির্বাচনী পরিবেশকে অস্থির ও বিভ্রান্তকর করার উদ্দেশ্যে কিছু স্বঘোষিত আলেমের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াসমূহকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। তাঁরা বলেন এসবের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। সাধারণ জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য মূল ধারার আলেম সমাজের সতর্ক ও ঐক্যমত্যপূর্ণ ভূমিকার আবেদন জানানো হয়।
দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জাতীয় গণভোটকে সামনে রেখে চলমান উদ্যোগগুলো সমর্থনের লক্ষ্যে আসন্ন গণভোটে “হ্যা” ভোটের পক্ষে দেশবাসীর কাছে আবেদন জানানো হয়।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতীবের জুমার খুতবায় প্রকাশিত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এ ধরণের মন্তব্য পরিহার করে জাতির পক্ষে প্রাসঙ্গিক দায়িত্বশীল আচরণ পালনের আহ্বান জানানো হয়। প্রয়োজনে জাতীয় খতীবের কার্যাবলী পুনর্বিবেচনা করা হবে।
দুর্নীতি, জবরদখল ও ভোট ক্রয়-বিক্রয়ের মতো অনৈতিক কার্যক্রমকে তীব্রভাবে নিন্দা করে ১২ ফেব্রুয়ারি ঘৃণ্য এসব কার্যকলাপ প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য জনগণকে আহ্বান করা হলো।
নির্বাচনী সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ; শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণে আলেম সমাজ আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
আলেম সমাজ দেশের সংহতি, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রকৃত ধর্মীয় কণ্ঠ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের কাছে ঐক্যবদ্ধ ও ন্যায়সংগত ভূমিকা পালন করবে বলে উপস্থিত আলেমগণ অঙ্গীকার করেন।