প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতের প্রচারণা শুরু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আখতার, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা একরামুল হক, শহর ওলামা দলের আহবায়ক মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

গণসংযোগকালে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসন মূলত জিয়া পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে নিয়ে স্বপ্ন দেখেন। বগুড়াকে এগিয়ে নিতে তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করেছেন। বগুড়ার সার্বিক উন্নয়নে ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

এদিকে এদিন সকাল ৯টায় জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ী এলাকায় মোনাজাত শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং সমাবেশে বক্তব্য দেন। এসময় শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, আব্দুল হালিম বেগ, আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট আল আমিন তরফদার, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, আব্দুস সালাম তুহিন, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, এবার সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করবে না বগুড়ার মানুষ। তারা দাড়িপাল্লায় ভোট দিবেন।