ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী চারদিন। সময় এগিয়ে আসার সাথে সাথে দরজায় কড়া নাড়ছে ভোটের। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থী ও তাদের নেতা-কর্মী এবং সমর্থকরা কোমর বেধে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। পূর্বের তুলনায় রাস্তা-ঘাট, পাড়া-মহল্লা ও অলি-গলিতে বেড়েছে প্রার্থীদের প্যানা ও ফেস্টুন। পুরুষ কর্মীদের পাশাপাশি বাড়ি বাড়ি দলে দলে ছুটছেন নারী কর্মীরা। ইতোমধ্যে খুলনার ৬টি আসনের প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট নিয়োগ এবং প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন। প্রতিদিন নির্বাচনী জনসভা ও গণমিছিল, উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। ভোটারদের নজর কাড়তে নিচ্ছেন নানা উদ্যোগ। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। শুক্রবার ও শসিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। কর্মজীবী মানুষের কাজের ব্যস্ততা না থাকায় অনেকেই তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে নামেন। সব মিলিয়ে খুলনা জুড়ে নির্বাচনি উত্তাপ বিরাজ করছে। তবে শেষ মুহূর্তের প্রচারণা ও কৌশলই নির্ধারণ করবে কে হাসবে বিজয়ের হাসি, আর কার ভাগ্যে জুটবে অপেক্ষার দীর্ঘশ্বাস।