সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা ছাড়া সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সমর্থন দেব, এর জন্য জান-মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।”
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, যেখানে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “পূর্ববর্তী শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ। আল্লাহ আমাদেরকে, জামায়াতে ইসলামীকে যদি এ দেশের জনগণ সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি, ঘুষ ও দখলবাজি বন্ধ করার চেষ্টা করবো।” তিনি সবাইকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। দেশ গড়া ও উন্নয়নের কাজে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” একই সঙ্গে তিনি বলেন, “আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন, একবার জামায়াতকে দেখুন।” এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমীন ও মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, শহর ছাত্রশিবির সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি রফিকুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মণ্ডল এবং শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী প্রমুখ।