বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, ইরানযুদ্ধকে কেন্দ্র করে সারা দুনিয়া আজ তিনভাগে বিভক্ত। ইতিমধ্যে জামায়াতে ইসলামী প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হই না। তিনি আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ ও শক্তিবৃদ্ধির আহ্বান জানান তিনি। আগামি দিনে ইসলামের পক্ষে বিপ্লব হবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ ফুলবাড়িয়া ফোরামের আয়োজনে এক ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও কৃষিবিদ গোলাম রব্বানী প্রমূখ। সাবেক ছাত্রনেতা এইচএম জোবায়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, সারাদেশে সংগঠনকে আরও সমুন্নত করতে হবে। শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে। সবাইকে এলাকা ক্দ্রেীক কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামি দিন আর ভুল করলে চলবে না। আরেকবার আর অভূত্থান হবে না। বিপ্লব হবে ইনশা আল্লাহ।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আগামি দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তা না করতে পারলে বার বার হোচট খেতে হবে। এজন্য গবেষণাসহ বিভিন্ন সেক্টরে প্রচুর লোক তৈরি করতে হবে।