জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষ ভালোবাসা ও দোয়া নিয়ে আমার পাশে ছিলেন। দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না।’
গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রুমিন ফারহানা তার বক্তব্যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। এই ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। বিএনপিও তার ‘ভিশন ২০৩০’ এবং ‘৩১ দফা’য় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে।’