বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন গণভোট বাস্তবায়নে বিলম্ব করা জনগণকে অপমান করার শামিল।
আজ (২৩ মার্চ ২০২৬) সকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী উত্তর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন বাংলাদেশের সংবিধানের ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে জনগণই রাষ্ট্রের মালিক এবং তারাই সর্বাধিক ক্ষমতাবান। সে কারণে জনগণের পরম অভিপ্রায় অভিব্যাক্তিই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রেক্ষিতে গণভোটকে যদি আমরা দেখি তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর অনুষ্ঠিত গণভোটে জনগণের রায়টিই হচ্ছে আগামী দিনে দেশ পরিচালনার জন্য মৌলিক ভিত্তি। এই গণভোটকে উপেক্ষা করে বাস্তবায়নে বিলম্ব করা হলে জনগণকে অপমান করা হবে।
ড. হামিদ আযাদ দেশব্যাপী চলমান নৈরাজ্য ও অনিয়মের কথাও তুলে ধরেন। তিনি বলেন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিলো অনেক বেশি, কিন্তু সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন পবিত্র ঈদের সময়েও সরকারি দলের কর্মীদের কাছে সাধারণ মানুষ সীমাহীন হয়রানির শিকার হয়েছে। তিনি বলেন অসংখ্য স্থানে চাঁদারবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি এসবের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সরকারকে এসব বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি কামরুল হাসান, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবির মহেশখালী উত্তর সভাপতি ফারভেজ রনি, ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ সভাপতি শাহরিয়ার কায়েফ জিহাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।