বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব জোরদার করতে পাঁচ দিনের ঢাকা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ই. ড্যারিন কক্স। ১৮ জানুয়ারি শুরু হওয়া তার এই সফর গতকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক চিকিৎসা খাতে বিশেষজ্ঞ বিনিময় ও যৌথ মহড়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে মেজর জেনারেল কক্সের এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব জোরদারের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশজুড়ে আমেরিকান কোম্পানিগুলো জ্বালানি খাতে বিনিয়োগ করছে, অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সেবা দিচ্ছে এবং বিশ্বমানের আর্থিক সেবা প্রদান করে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ঢাকার মার্কিন দূতাবাস আরও জানায়, ড্যারিন কক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে জানানো হয়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে। সফরের অংশ হিসেবে ড্যারিন কক্স ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন। পরিদর্শন ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময় এবং যৌথ মহড়ার একটি শক্ত ভিত্তি স্থাপিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারেরই প্রতিফলন।